শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

সংসদে অনাস্থা ভোটে হেরে রোমানিয়ার ইউরোপীয় ইউনিয়নপন্থী (ইইউ) জোট সরকারের পতন ঘটেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী ইলি বোলোজানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পার্লামেন্টে পাস হওয়ায় ভেঙে পড়েছে দেশটির সরকার। এর ফলে দেশটিতে বড় ধরনের আর্থিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার দেশটির পার্লামেন্টে দীর্ঘ বিতর্কের পর অনুষ্ঠিত ভোটাভুটিতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ২৮১ জন আইনপ্রণেতা ভোট দিয়েছেন। বিপরীতে প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে মাত্র চারটি।

এর আগে, গত সপ্তাহে রোমানিয়ার বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (পিএসডি) এবং কট্টর ডানপন্থী বিরোধী দল ‘অ্যালায়েন্স ফর দ্য ইউনিটি অব রোমানিয়ান্স’ (এইউআর) এই অনাস্থা প্রস্তাব উত্থাপন করে। গত এপ্রিলের শেষের দিকে পিএসডি জোট সরকার থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নেয়।

ভোটাভুটির সময় বোলোজানের মধ্য-ডানপন্থী দল ন্যাশনাল লিবারেল পার্টি (পিএনএল), জোট সঙ্গী ‘সেভ রোমানিয়া ইউনিয়ন’ এবং হাঙ্গেরীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দল ইউডিএমআরের সদস্যরা ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।

দেশটিতে বর্তমানে আগাম নির্বাচনের সম্ভাবনা কম থাকলেও রাজনৈতিক এই অস্থিরতায় আর্থিক বাজার নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বুখারেস্ট ইইউর সবচেয়ে বড় বাজেট ঘাটতি কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল, বর্তমান টালমাটাল পরিস্থিতিতে তা কতটা রক্ষা করতে পারবে, সেটি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। মঙ্গলবার ভোটের আগেই ইউরোর বিপরীতে রোমানিয়ার মুদ্রা ‘লেউ’র মান রেকর্ড পরিমাণে পড়ে যায়।

সূত্র: আল জাজিরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD