যুক্তরাজ্যে লকডাউন আরো এক সপ্তাহ আগে কার্যকর করলে করোনাভাইরাসের কারণে মৃত্যুর সংখ্যা এত বেশি হতো না বলে মন্তব্য করেছেন সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক নিল ফার্গুসন। তিনি বলেন, এর কারণ ভাইরাসটি ছড়িয়ে পড়ার প্রথম কয়েকটি দিন সংক্রমণের মাত্রা দ্বিগুণ তিনগুণ করে বেড়েছে। লকডাউনের সিদ্ধান্ত নেয়ার আগেই ভাইরাসটি বৃহৎ আকারে ছড়িয়ে পড়েছিল।
বিবিসির বরাতে জানা যায়, যুক্তরাজ্যে লকডাউন কার্যকরের সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছিলেন অধ্যাপক নিল ফার্গুসন। পরিস্থিতি পরিমাপ করার আগেই ভাইরাসটি ছড়িয়ে পড়ে যার কারণে লকডাউন জারি করেও সরকার মৃত্যের সংখ্যা কমাতে পারেনি।
দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন অবশ্য নিল ফার্গুসনের এই মন্তব্যের সঙ্গে একমত হতে পারেননি। তার মতে, এ রকম কোনো মন্তব্য এত দ্রুত দেয়া সম্ভব না। তিনি বলেন, আমাদের সব কিছুর ওপর ফিরে তাকাতে হবে। পর্যালোচনা করতে হবে। সেখান থেকে আমরা কী শিখতে পেরেছি তাও অনুধাবন করতে হবে।
তিনি আরো বলেন, করোনাভাইরাসের কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা এখনো চলমান। এই মহামারি আরো লম্বা সময় ধরে চলবে।
বিবিসি বলছে, ফেব্রুয়ারি-মার্চের দিকে করোনাভাইরাসের সম্পর্কে গবেষক ও সরকারের নীতিনির্ধারকদের মধ্যে জ্ঞানের সীমাবদ্ধতা ছিলো। যার কারণে সৃষ্ট পরিস্থিতিতে ঠিক কী ব্যবস্থা নিতে হবে তা নিয়ে সরকারগুলোও বেশ বিপাকে পড়েছে।
এই প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা স্যার প্যাট্রিক ভ্যালেন্স বলেন, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যেসব ব্যবস্থা নেয়া হয়েছে তা কার্যকর হবে কি না তা সে সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। এর জবাবদিহিতাও সরকারকে করতে হবে।
দেশটির প্রধান মেডিকেল উপদেষ্টা অধ্যাপক ক্রিস উইট্টি বলেন, পেছনে ফিরে আমাদের দেখতে হবে কোথায় কোথায় সংশোধনের প্রয়োজন ছিল এবং সে মোতাবেক ভবিষ্যতে ব্যবস্থা নিতে হবে। একটা সময় আমাদের কাছে ভাইরাসটি সম্পর্কে খুব কম তথ্য ছিল। যার কারণে যথাযথ সিদ্ধান্ত নিতে বেশ বিলম্ব হয়েছে।
অধ্যাপক নিল ফার্গুসন বলেন, যুক্তরাজ্যে লকডাউন কার্যকর হয়েছে ২৩ মার্চ। এর এক সপ্তাহ আগে তা কার্যকর করা সম্ভব হলে মৃত্যুর সংখ্যা অনেক কমিয়ে আনা সম্ভব হতো। বলতে গেলে বর্তমান মৃতের সংখ্যা থেকে অর্ধেক সংখ্যক মানুষের মৃত্যু হতো।
তিনি বলেন, যখন লকডাউন দেয়া হলো তখন ভাইরাসটির আচরণ সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য ছিল না। যদি তথ্যগুলো আগে থেকেই থাকতো তাহলে এতো সমস্যায় পড়তে হতো না।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসটিতে দুই লাখ ৯০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪১ হাজার ১২৮ জন।
লাইট নিউজ/আই