মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হবে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থান স্পষ্ট করেন। এর আগে রোববার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেই গ্রেপ্তার হবেন বলে জানিয়েছিলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে অবস্থানরত অন্য দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া হয়, তাঁর ক্ষেত্রেও একই ব্যবস্থা কার্যকর হবে। দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান, হেলিকপ্টার, বাস কিংবা অন্য কোনো যানবাহন পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এ ধরনের খবর নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা না করারও আহ্বান জানান তিনি।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ চায় ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনাকে একজন দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ফেরত পাঠাক। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে সর্বশেষ কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা ভারতের দিল্লি থেকে বাংলাদেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাঁর দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত ইতিবাচক কোনো ঘোষণা দেওয়া হয়নি। বরং সরকারের অবস্থান হলো, দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার হয়ে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD