সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

ফার্ম থেকে কোরবানির গরু কিনলেন মোসাদ্দেক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

 

করোনা ভাইরাসের ঝুঁকি থাকায় এবার পশুরহাটে না গিয়ে গাজীপুরের খামারে এসে গরু কিনেছেন জাতীয় দলের উদীয়মান ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। শুক্রবার (১৮ জুলাই) রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা ভাই ভাই এগ্রো ফার্ম থেকে ২ লাখ ২০ হাজার টাকায় ভারতীয় সাদা কালচে রংয়ের একটি গরু কিনেন তিনি।

ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, গত বছর ময়মনসিংহ নগরীর পশুর হাটে গিয়ে কোরবানির গরু কেনা হয়েছিল। এবার মহামারি করোনাভাইরাসে পুরো দেশ অবরুদ্ধ। সেখানে কোরবানির ঈদকে সামনে রেখে সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকি এখন পশুর হাটে। এজন্য পশুর হাট এড়িয়ে ফার্ম থেকে গরু কেনার সিদ্ধান্ত থেকেই বন্ধু সফিকুল ইসলামকে নিয়ে ফার্মে আসি। এসে গরু পছন্দ হওয়ায় কিনে ফেলেছি। এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে পশুর হাট এড়িয়ে অনলাইনে হাটের প্রতি জোর দেন এই ক্রিকেটার।

করোনাকালে ক্রিকেট খেলা সাময়িক বন্ধ থাকায় এ বছর পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়ি ময়মনসিংহ নগরীর কাঁচি গোলাপজান সড়কের নিজ বাড়ির আঙ্গিনায় কেনা গরুটি কোরবানি দিবেন বলেও জানান তিনি। ফার্মের মালিক মো. রফিকুল ইসলাম বলেন, পশুর হাট এড়াতে আমরা অনলাইনে গরু বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার দিচ্ছি। সেই প্রচার দেখেই অনেকেই আসছেন গরু কিনতে। আমরা স্বাস্থ্য বিধি মেনে গরু বিক্রির চেষ্টা করছি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD