বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

অন্তরালে অনৈতিক কাজে সম্পৃক্ত পরীমণি: সিআইডি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার ; ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্তরালে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। এ সংক্রান্ত বিভিন্ন তথ্য-প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১৮ আগস্ট) রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় পরীমণির ৫ দিনের রিমান্ড আবেদনে এমনটাই উল্লেখ করেছে সিআইডি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে এই রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা।

সিআইডি কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, পরীমণিকে রিমান্ডে নিয়ে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের শেষ দিকে আসামি মামলার ঘটনা ও ঘটনার নেপথ্যে মূল হোতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তার দেওয়া তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরীমণিকে ইতিপূর্বে আদালতের আদেশে পুলিশ রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পাওয়া গেছে, তার সঠিকতাসহ মাদক ব্যবসার মূল হোতাদের গ্রেফতার, মাদকদ্রব্যের মজুদ উদ্ধারসহ মাদক ব্যবসার পেছনে অর্থের যোগানদাতাদের খুঁজে বের করার জন্য পুনরায় ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়, পরীমণিকে রিমান্ডে পাওয়া গেলে মাদক ব্যবসায়ী মূল হোতাদের গ্রেফতার, মাদকদ্রব্যের অবৈধ উৎসসহ অপরাধীদের সন্ধান পাওয়া সম্ভব হবে। পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্তরালে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত আছেন মর্মে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।

রিমান্ড শুনানি আগামীকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরীমণির আইনজীবী মজিবুর রহমান।

তিনি বলেন, আজ পরীমণির জামিন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু সকালে হঠাৎ করেই সিআইডি পরীমণির আবারও ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করে। সেই কারণে বিচারক আগামীকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) পরীমণির উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে র‍্যাব। তার ড্রয়িংরুম, শোকেস, ডাইনিং রুম এবং বেড রুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল মদের বোতল উদ্ধার করা হয় বলেও দাবি করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD