সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

আজ ৫৫ পৌরসভায় নির্বাচন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : চলমান পৌরসভা নির্বাচনে আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এরমধ্যে ২৯টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) এবং ২৬টিতে ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে মাদারীপুর জেলার কালকিনি ও নাটোর পৌরসভার ভোট স্থগিত করা হয়েছে।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এসব তথ্য জানান।

তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত পরিমাণ সদস্য ও ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকায় বিজিবি, পুলিশ, আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া মোবাইল টিম টহল দেবে এবং স্ট্রাইকিং ফোর্সও মোতায়েন থাকবে।

ইসির দেওয়া তথ্যমতে, ৫৫টি পৌরসভায় তিন পদে ২ হাজার ৯০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরমধ্যে মেয়র পদে ২১৭, সংরক্ষিত নারী কমিশনার পদে ৬১৮ জন এবং সাধারণ কমিশনার পদে ২ হাজার ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। চতুর্থ ধাপে ৭৯৩টি ভোটকেন্দ্রের ৪ হাজার ৮৮৯ ভোটকক্ষে ১৬ লাখ ৬৭ হাজার ২২৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৩২ হাজার ৪২৮ জন এবং মহিলা ভোটার ৮ লাখ ৩৪ হাজার ৭৮৬ জন।

আগামীকাল যে ২৬ পৌরসভায় ব্যালটে ভোট হবে সেগুলো হচ্ছে- ঠাকুরগাঁওয়ের রানীশংকইল, রাজশাহীর নওহাটা, তানোর ও তাহেরপুর, লালমনিরহাটের পাটগ্রাম, নরসিংদী পৌরসভা, রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা, বরিশালের বানারীপাড়া, শেরপুরের শ্রীবরদী, নাটোরের বড়াইগ্রাম, খাগড়াছড়ির মাটিরাঙা, চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ, কিশোরগঞ্জের হোসেনপুর ও করিমগঞ্জ, টাঙ্গাইলের কালিহাতী, চুয়াডাঙ্গার জীবননগর, চাঁদপুরের ফরিদগঞ্জ, যশোরের বাঘারপাড়া, শরীয়তপুরের ডাম্যুডা, জামালপুরের মেলান্দহ, জয়পুরহাটের কালাই, ফরিদপুরের নগরকান্দা ও সিলেটের কানাইঘাট, সোনামুড়ি ও ময়মনসিংহের ত্রিশাল।

যে ২৯ পৌরসভায় ইভিএমে ভোট হবে সেগুলো হলো ঠাকুরগাঁও, রাজশাহীর গোদাগাড়ী, লালমনিরহাট, নরসিংদীর মাধবদী, রাজবাড়ী, বরিশালের মুলাদী, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, বাগেরহাট, বান্দরবান, সাতক্ষীরা, হবিগঞ্জের চুনারুঘাট, কুমিল্লার হোমনা ও দাউদকান্দি, চট্টগ্রামের পটিয়া, কিশোরগঞ্জের বাজিতপুর, টাঙ্গাইলের গোপালপুর, পটুয়াখালীর কলাপাড়া, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, চাঁদপুরের কচুয়া, নেত্রকোনা, যশোরের চৌগাছা, রাঙ্গামাটি, মুন্সীগঞ্জের মিরকাদিম, ময়মনসিংহের ফুলপুর, জয়পুরহাটের আক্কেলপুর, নোয়াখালীর চাটখিল, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, লক্ষ্মীপুর জেলার রামগতি ও ফেনী জেলার পশুরাম।

উল্লেখ্য, দেশে পৌরসভা রয়েছে ৩২৯টি। প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় ভোট হয়েছে। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ভোটগ্রহণ হয় ৩০ জানুয়ারি। চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি এবং পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে।

আইন অনুযায়ী, মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই পৌরসভার ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল ভোটে অংশ নেয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD