সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি।

বাংলাদেশ ও আলজেরিয়ার অর্থনৈতিক সম্পর্ককে আরও বেগবান করতে আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক (গার্মেন্টস) ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এসময় মন্ত্রী বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার জন্যও আলজেরিয়াকে আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার (০৫ অক্টোবর) বলা হয়, বৈঠকে দু’দেশের মধ্যে শান্তিশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মানবপাচার প্রতিরোধ ও দমন, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা আদান-প্রদানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

এছাড়া বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) দীর্ঘমেয়াদি এলএনজি এবং সার আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। উভয় পক্ষই একমত পোষণ করেন, এই উদ্যোগ দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় উন্নীত করবে।

আলোচনাকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত স্মরণ করিয়ে দেন যে, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর আলজেরিয়াই প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।

তিনি দু’দেশের মধ্যকার এই ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে আলজেরিয়ার দৃঢ় আগ্রহের কথা ব্যক্ত করেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার অর্থনৈতিক সম্পর্ককে আরও বেগবান করতে আলজেরিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক (গার্মেন্টস) ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়াতে পারে। পাশাপাশি, বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার জন্যও তিনি আলজেরিয়াকে আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশে বিচারাধীন একজন আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের নিয়মানুগ প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন এবং এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করে মন্ত্রী জানান, আলজেরিয়ার রাষ্ট্রপতি এই আমন্ত্রণ গ্রহণ করায় বাংলাদেশ আনন্দিত। তিনি এই সফরের জন্য সুবিধাজনক কূটনৈতিক তারিখ নির্ধারণের ওপর জোর দেন।

বৈঠকে উভয় দেশ নিরাপত্তা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এ টি এম আব্দুর রউফ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD