মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইউএফও বা অজ্ঞাত উড়ন্ত বস্তু–সংক্রান্ত বেশ কিছু গোপন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার (০৯ মে) প্রকাশিত এসব নথিকে ‘নজিরবিহীন স্বচ্ছতা’ হিসেবে উল্লেখ করা হলেও বিশ্লেষকদের মতে, অধিকাংশ তথ্য আগেই বিভিন্নভাবে জনসমক্ষে এসেছিল।
পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, ভবিষ্যতেও ধাপে ধাপে অজ্ঞাত বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট নথি, ছবি ও ভিডিও প্রকাশ করা হবে। সত্তরের দশকের শেষ দিকে শুরু হওয়া ইউএফও–সংক্রান্ত সরকারি তথ্য প্রকাশের ধারাবাহিকতায় ট্রাম্প প্রশাসন নতুন সংযোজন হিসেবে যুক্ত হলো।
বিশেষজ্ঞদের মতে, প্রকাশিত প্রায় ১৬০টি নথিতে কয়েকটি পরিচিত ঘটনার নতুন ভিডিও ও তথ্য থাকলেও ভিনগ্রহী প্রাণ বা এলিয়েন প্রযুক্তির অস্তিত্বের বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
নথিগুলোর মধ্যে রয়েছে ১৯৪৭ সালের আলোচিত ‘ফ্লাইং ডিস্ক’–সংক্রান্ত প্রতিবেদন, ১৯৬৯ সালে অ্যাপোলো-১২ মিশনের সময় চাঁদের পৃষ্ঠের কিছু অস্পষ্ট ছবি এবং ১৯৭২ সালে অ্যাপোলো-১৭ অভিযানের নভোচারীদের দেখা অজ্ঞাত বস্তুর কথোপকথনের প্রতিলিপি।
এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আগের প্রশাসনগুলো এ বিষয়ে যথেষ্ট স্বচ্ছতা দেখাতে পারেনি। তবে এখন জনগণ প্রকাশিত নথি ও ভিডিও দেখে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে আসলে কী ঘটছে।
সূত্র: সিএনএন