ইরানের ওপর আরও চাপ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি ট্রাম্প প্রশাসন।
স্থানীয় সময় সোমবার (২৪ আগস্ট) সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একইদিনে তেহরানের বিরুদ্ধে‘অর্থনৈতিক ডি-ডে’ ঘোষণা করে ওয়াশিংটন।
তেহরানের বিশ্বব্যাপী আর্থিক স্বার্থকে লক্ষ্য করে এই চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সোমবার ট্রেজারি বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী জানান, তেল খাতসহ ইরানের সব আয়ের উৎস বন্ধ করে দেওয়া এবং অন্যান্য দেশ ও কোম্পানিগুলোকে তেহরানের সঙ্গে ব্যবসা করা থেকে বিরত রাখাই এই অভিযানের মূল লক্ষ্য।
সাংবাদিকদের হেগসেথ বলেন, হরমুজ প্রণালি বা ইরানের আশপাশে যেকোনো স্থানে সামরিক হামলার সম্ভাবনা কোনোভাবেই উড়িয়ে দেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক চাপ ইরানের ওপর তৈরি করছে, তা দেশটির পক্ষে দীর্ঘদিন সহ্য করা সম্ভব হবে না।
তথ্যসূত্র: জিও নিউজ