বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

ই-অরেঞ্জের মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-কর্মাস প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত করে আগামী ২০ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিকের আদালতে এজাহার পৌঁছালে বিচারক গ্রহণ করে প্রতিবেদনের জন্য এ তারিখ নির্ধারণ করেন। মামলার অপর আসামিরা হলেন : মাসুকুর রহমান, আমানউল্ল্যাহ, বিথী আক্তার, কাউসার আহমেদ।

আদালতের সংশ্লিষ্ট সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

অগ্রিম অর্থ পরিশোধের পরেও মাসের পর মাস পণ্য না পাওয়ায় মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে গুলশান থানায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা করেন প্রতারণার শিকার গ্রাহক মো. তাহেরুল ইসলাম। মামলায় পাঁচজনকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, অর্ডার করা পণ্য পেতে সোমবার (১৬ আগস্ট) রাজধানীর গুলশান-১ এর সড়ক অবরোধ করেন ই-অরেঞ্জের গ্রাহকরা। এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। সড়ক অবরোধের এক পর্যায়ে রাতেই বিক্ষুব্ধ গ্রাহকরা তার সঙ্গে দেখা করতে মিরপুর-১২ তে তার বাসায় যান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD