বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :

এবার এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
এবার এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া

এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ।

বুধবার এক প্রতিবেদনে কেসিএনএ জানিয়েছে, সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এই প্রথমবার ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি রকেট এবং এআই পরিচালিত প্রিসিশন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। গতকাল হয়েছে এ উৎক্ষেপণ কর্মসূচি।

কিম জানিয়েছেন, এআই পরিচালিত ক্রুক ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ১০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম।

উল্লেখ্য, গত কয়েক বছরে বেশ কয়েকটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত ক্ষেপণাস্ত্র এই প্রথম উৎক্ষেপণ করল দেশটি।

কেসিএনএ জানিয়েছে, ‘স্পেশাল মিশন ওয়ারহেড’ প্রকল্পের আওতায় তৈরি করা এসব ক্ষেপণাস্ত্রের শক্তি, নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারার ক্ষমতা যাচাই করতে করা হয়েছে এই পরীক্ষা।

উৎক্ষেপনের পর এক বার্তায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম বলেছেন, “পরীক্ষাগুলো দেখিয়েছে, অস্ত্র এবং স্বয়ংক্রিয় উৎক্ষেপণ ব্যবস্থাগুলোকে আমরা খুব ভালোভাবে উন্নত করতে পেরেছি। এসব অস্ত্র এতটা উন্নত যে আধুনিক যুদ্ধের ক্ষেত্রে এগুলো খুব সফলভাবে খাপ খাইয়ে নিতে পারবে।”

কিম আরও বলেন, এই পরীক্ষাগুলো বিশেষ করে সেইসব ক্রুজ ক্ষেপণাস্ত্রের যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করেছে, যেগুলো দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী আর্টিলারি ইউনিটগুলোতে মোতায়েন করা হবে। এই ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুল নেভিগেশন এবং এআই-নির্দেশিত নিয়ন্ত্রণ ব্যবস্থায় সজ্জিত, যা ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

কিম আরও জানিয়েছেন, পরীক্ষিত এসব অস্ত্র দক্ষিণ কোরিয়ার সীমান্তে মোতায়েন করতে চান তিনি।

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে দক্ষিণ কেরিয়ার সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে কোনো মুখপাত্র মন্তব্য করতে চাননি। একজন মুখপাত্র শুধু বলেছেন যে উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পর্কে তারা অবগত।

সূত্র : রয়টার্স

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD