শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

এবার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির খবরে বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বা কাঁচা সোনার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৫৯ দশমিক ৬৩ ডলারে পৌঁছেছে। আগের দিন মঙ্গলবার (২১ এপ্রিল) গত ১৩ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এলেও আজ আবার ঘুরে দাঁড়িয়েছে। খবর রয়টার্সের।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে, যা মুদ্রাস্ফীতির আশঙ্কা কিছুটা প্রশমিত করেছে। মারেক্স-এর বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, যুদ্ধবিরতি বৃদ্ধির ফলে বাজার সংকটের প্রশমন হিসেবে দেখা হচ্ছে। যদি এই যুদ্ধবিরতি শেষ হয় এবং পুনরায় সংঘাত শুরু হয়, তবে ডলার শক্তিশালী হবে। একই সঙ্গে তেলের দাম বাড়বে, যা সোনার ওপর চাপ সৃষ্টি করবে।

সোনার পাশাপাশি রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামও বেড়েছে। স্পট সিলভার বা রুপার দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৮ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ২ দশমিক ২ শতাংশ ও প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, যুদ্ধবিরতির খবরের প্রভাবে বিশ্ব শেয়ারবাজারে চাঞ্চল্য দেখা দিয়েছে।ডলারের মান কিছুটা কমেছে।

এদিকে মঙ্গলবার মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) পরবর্তী প্রধান হিসেবে মনোনীত কেভিন ওয়ারশ মার্কিন সিনেটরদের আশ্বস্ত করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক হোয়াইট হাউসের প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করবে। সাধারণত সুদের হার বেশি থাকলে সোনা বা রুপার মতো সম্পদগুলোর আকর্ষণ কমে যায়। কারণ এগুলো থেকে সরাসরি কোনো সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্লেষকরা জানিয়েছেন, স্বর্ণের বর্তমান দাম বৃদ্ধি কিছুটা নাজুক অবস্থানে থাকলেও এটি শিগগিরই নতুন রেকর্ড উচ্চতা স্পর্শ করতে পারে। তবে পুরো বিষয়টি মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে মনে করছেন তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD