শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

ডিবির ৩ সদস্যকে পিটুনি, গুরুতর অবস্থায় উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে আসামি গ্রেপ্তার অভিযানে যাওয়া ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের দুই কর্মকর্তা ও এক কনস্টেবলকে ব্যাপক মারধ‌র করা হয়েছে। প্রথমে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় এবং পরে তাদের আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে গিয়ে আবারও মারধর করা হয়।

পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বরের অবস্থা গুরুতর।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) বেলা তিনটার দিকে ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশে যায়। এ সময় আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের আবারও মারধর করা হয়। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতরা হলেন—এসআই মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ।

পুলিশ জানায়, ডিবির আরেক সদস্য কনস্টেবল আকাশ আহমেদ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে থাকায় তিনি হামলার শিকার হননি। পরে তিনি তাদের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় এসে ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, আহতদের পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঢাকা জেলা ডিবির কয়েকজন কর্মকর্তা রুপগঞ্জের ভুলতা এলাকায় এসেছিলেন। তারা সাদা পোশাকে ছিলেন। ইউনিফর্ম না থাকায় তারা জনরোষের শিকার হয়। পরে সোনারগাঁ থানা ও আড়াইহাজার থানা পুলিশ তাদের উদ্ধার করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD