শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

এমপি পাপুলের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা: প্রতিবেদন ১০ মার্চ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী সহিদ ইসলাম পাপুলসহ ৮ জনের বিরুদ্ধে দায়ের করা মানিলন্ডারিং মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১০ মার্চ ধার্য করেছেন আদালত।

রোববার (৩১ জানুয়ারি) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী প্রতিবেদন দাখিলের এই তারিখ ধার্য করেন।

এর আগে গত ২২ ডিসেম্বর অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সহকারী পুলিশ সুপার (অর্গানাইজ ক্রাইম) আলামিন বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় এই মামলা করেন।

মামলার অপর আসামিরা হলেন, পাপুলের শ্যালিকা জেসমিন প্রধান, মেয়ে ওয়াফা ইসলাম, ভাই কাজী বদরুল আলম লিটন, ব্যক্তিগত কর্মচারী মোহাম্মদ সাদিকুর রহমান মনির, জেসমিন প্রধানের কোম্পানি জে ডব্লিউ লীলাবালী, কাজী বদরুল আল লিটনের মালিনাধীন কোম্পানি জব ব্যাংক ইন্টারন্যাশনাল, এই কোম্পানির ম্যানেজার গোলাম মোস্তফা ও অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জন।

এজাহারে বলা হয়েছে, আসামিরা মানবপাচারকারী চক্রের সদস্য। তারা বিভিন্ন সময় ৩৮ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকা অবৈধভাবে আয় করেছেন। যার সঙ্গে পাপুল ও তার মেয়ের প্রতিষ্ঠান জড়িত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD