এবারের পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব ৬০ হাজার মুসল্লিকে অনুমতি দেবে জানিয়েছে দেশটির স্বাস্থ্য ও হজ বিষয়ক মন্ত্রণালয়।
শনিবার এক বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় জানায়, কেবল ৬০ হাজার মুসল্লিকে হজের অনুমতি দেয়া হবে। করোনা মহামারির কারণে শুধুমাত্র যারা সৌদি আরবের বাসিন্দা বা দেশটিতে অবস্থান করছেন তাদের মধ্য থেকেই এই ৬০ হাজার মুসল্লি নিবন্ধনের সুযোগ পাবেন।
সৌদি হজ মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের ফলে এবার বাইরের কোনো দেশ থেকে সৌদি যেয়ে হজের সুযোগ পাচ্ছেন না মুসল্লিরা। মূলত করোনা মহামারির এই কালে মুসলিম উম্মাহর নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে যারা ভ্যাকসিন নিয়েছেন এবং যারা দুরারোগ্য রোগ থেকে মুক্ত কেবল তাদের আবেদনই গ্রহণ করবে সৌদি হজ মন্ত্রণালয়।
হজ পালনকারীদের স্বাস্থ্য ও সুরক্ষাকে সর্বাধিকার দিয়ে হজ ও উমরাহ পালনে ইচ্ছুক সৌদি মুসল্লিদের সুযোগ দেয়ার স্বার্থেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
প্রসঙ্গত, আগামী জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে পবিত্র হজ শুরু হবে।
সূত্র : আরব নিউজ