বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

‘ক্ষমতায় থাকাকালে বিএনপি জনগণের ওপর সীমাহীন অত্যাচার চালিয়েছে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতীতের নেতিবাচক কর্মকাণ্ডের জন্যই বিএনপি ২০০৮ সালে জাতীয় নির্বাচনে জনগণ দ্বারা মারাত্মক ভাবে প্রত্যাখ্যাত হয়েছে ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে একথা বলেন।
জনগণ দ্বারা প্রত্যাখ্যাত বিএনপি প্রতিশোধের নেশায় বিভিন্ন সময়ে সন্ত্রাসের উত্তাপ ছড়িয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন, সরকার সেই সন্ত্রাসের উত্তাপ থেকে জনগণকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছেন তাদের সমাবেশ শান্তিপূর্ণ হয়েছে, তাদের সমাবেশে সরকার কোন ধরনের বাধা প্রদান করেনি, – বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার শুধু সতর্ক ছিল, এই সুযোগে বিএনপি যেন কোন সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে।

তিনি আরও বলেন, বিএনপি বিভিন্ন সময়ে ক্ষমতায় এসে অবৈধ ভাবে ক্ষমতা দখল করে রাখতে দেশের জনগণের উপর সীমাহীন অত্যাচার ও নির্যাতন চালিয়েছে।

২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, ২১ আগস্টের মত নারকীয় গ্রেনেড হামলার মাধ্যমে গণহত্যা সংঘটিত করেছে অথচ বিএনপি মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে গুমের বানোয়াট ও মনগড়া পরিসংখ্যান উপস্থাপন করেছে বলে স্মরণ করে দেন ওবায়দুল কাদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD