খাদ্যে ভেজালের কারণে মানুষ সহজেই নানা ভাইরাসে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার পল্লঅী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, মানুষের ইমিউনিটি বাড়লে ভাইরাস সহজেই তাকে কাবু করতে পারে না। আর মানুষের ইমিউনিটি নির্ভর করে ফুড-সাইকেলের ওপর। খাদ্যে ভেজাল থাকলে মানুষ সহজেই ছোট-খাটো ভাইরাসে আক্রান্ত হয়। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আধুনিক খাদ্য পরীক্ষাগারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমাদেরকে যেমন হাসপাতাল তৈরি করতে হবে, চিকিৎসার মান উন্নয়ন করতে হবে তেমনি মানুষকে বিশুদ্ধ এবং ভেজাল মুক্ত খাদ্য সরবরাহ করতে হবে। মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বিশুদ্ধ ও পুষ্টিসমৃদ্ধ খাবারের বিকল্প নেই।
মন্ত্রী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অধিকাংশ মানুষ প্রক্রিয়াজাত খাবার খাওয়ায় তাদের ইমিউনিটি কমে গিয়েছিল। এর ফলে যুদ্ধের চাইতেও যুদ্ধপরবর্তী সময়ে ছোট-খাটো ভাইরাসের আক্রমণে অনেক বেশি মানুষ মারা যায়।
আধুনিক খাদ্য পরীক্ষাগারটিকে ইউরোপীয় দেশগুলোর মত উন্নতমানের উল্লেখ করে, এটি নগরবাসীকে ভেজালমুক্ত খাবার উপহার দিতে সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, মানুষের স্বাস্থ্যের উন্নয়নের জন্য হাসপাতাল তৈরি এবং চিকিৎসার মান উন্নয়নের পাশাপাশি ভেজালমুক্ত খাবার প্রয়োজন। আমাদের যেমন হাসপাতাল তৈরি করতে হবে, চিকিৎসার মান উন্নয়ন করতে হবে, তেমনি মানুষের কাছে বিশুদ্ধ এবং ভেজালমুক্ত খাদ্য সরবরাহ করতে হবে। মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বিশুদ্ধ ও পুষ্টিসমৃদ্ধ খাবারের বিকল্প নেই।
এসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদসহ স্থানীয় সরকার বিভাগ ও ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লাইটনিউজ/এসআই