যশোর প্রতিনিধি : খুলনা বিভাগীয় অটো রাইস মিল মালিক অ্যাসোসিয়েশন জানিয়েছে, ধানের দাম বৃদ্ধির কারণেই বর্তমানে চালের দাম বৃদ্ধি পেয়েছে। চালের দাম বৃদ্ধির সঙ্গে মিল মালিকদের জড়িত থাকার অভিযোগ নাকচ করে দেন তারা।
সোমবার (8 ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে যশোর শহরের একটি হোটেলে খুলনা বিভাগীয় অটো রাইস মিল মালিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় অনুষ্ঠিত হয়। পদ্মবিরা অটো রাইস মিলের স্বত্বাধিকারী শরিফুল আলম টুলুর সভাপতিত্বে বৈঠকে অ্যাসোসিয়েশনের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংগঠনের আহ্বায়ক এ কে এম খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, দেশে ধানের দাম বৃদ্ধির কারণেই চালের দাম বৃদ্ধি। এর জন্য কোনো মিল মালিক দায়ী নয়।
তিনি অভিযোগ করেন, সরকারের মধ্যে লুকিয়ে থাকা স্বার্থান্বেষী মহল চালের বাজারে অস্থিরতা সৃষ্টি করে বেশি মুনাফা করতে সব সময় সক্রিয়। এই চক্র শনাক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান এ কে এম খোরশেদ আলম।
দেশের সকল অটো রাইস মিল মালিকদের ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায় করতে হবে বলে মন্তব্য করেন এ কে এম খোরশেদ আলম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে চালের দাম বৃদ্ধি পেলে অটো রাইস মিল মালিকদের হয়রানি করা হয়। এতে প্রকৃতপক্ষে যারা জড়িত থাকে, তারা আড়ালে থেকে যায়।
সূত্র : রাইজিংবিডি