স্টাফ রিপোর্টার : রাজধানীর সবুজবাগে চোর সন্দেহে হৃদয় (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে সবুজবাগ এলাকায় গিয়ে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পাই। পরে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আনোয়ার বলেন, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে ওই এলাকায় চুরি করতে গেলে এলাকার লোকজন পিটিয়ে রাস্তায় ফেলে রাখে। তাকে উদ্ধার করে আমরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।