ছুটি চাওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে জুতা-পেটা ও চুল ধরে টানাটানিসহ মারধরের ঘটনা ঘটেছে। শনিবার সকালে দুই শিক্ষকের মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাটকিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মাহবুবুর রহমানের নিকট সহকারী শিক্ষক নাসিমা খাতুন ছুটি চান। তিনি ১টা পর্যন্ত স্কুল করে যেতে বলেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে সহকারী শিক্ষক নাসিমা খাতুন পায়ের জুতা নিয়ে এগিয়ে গেলে প্রধান শিক্ষক মাহবুবুর রহমান তার চুল ধরে মাটিতে ফেলে দেন। পরে তিনি তার জুতা দিয়ে প্রধান শিক্ষককে জুতা পেটা করেন। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয়রা বিষয়টি নতুন করে যাতে ঝামেলা না হয়, সেজন্য সকলকে চলে যেতে বলেন। খবর পেয়ে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস খান টুটুলসহ শিক্ষক নেতৃবৃন্দ বিদ্যালয়ে যান।
অভিযুক্ত শিক্ষক মাহবুবুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সহকারী শিক্ষক নাসিমা খাতুন বলেন, আসলে আমাদের নিজেদের মধ্যে যা ঘটেছে, আমরা নিজেরাই মীমাংসা করে নেব।
পাটকিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আবুল কালাম আজাদ বলেন, ইতিপূর্বে প্রধান শিক্ষক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তারপর থেকেই মাঝে মাঝে এ ধরণের আচরণ করেন। আজও সহকারী শিক্ষকের সাথে এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, আসলে অনাকাঙ্খিত ঘটনার বিষয়টি জানতে পেরে সাধারণ সম্পাদক ফেরদৌস খান টুটুলকে সাথে নিয়ে ঘটনাস্থলে যাই। বিষয়টি নিজেদের মধ্যে আপস করে নিতে বলেছি।
উপজেলা শিক্ষা অফিসার মো. আশরাফুল হক বলেন, আমার কাছে কেউ কোনো অভিযোগ করেননি। রবিবার অভিযোগ দেবেন বলেছেন। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।