জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিবিন্ধিত ও নিবন্ধনযোগ্য ভৌগোলিক নির্দেশক(জিওগ্র্যাফিক্যাল ইনডিকেশন (জিআই) পণ্যের পূর্ণাঙ্গ তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে সরকারকে এ তালিকা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত এক রিটে প্রাথমিক শুনানির পর সোমবার (ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
দেশের প্রাকৃতিক ও কৃষিজাত পণ্য, হস্তশিল্প এবং বিভিন্ন খাদ্য পণ্যের জিআই নিবন্ধনে সরকারের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রবিবার (১৮ ফেব্রুয়ারি) এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সারওয়াত সিরাজ শুক্লা।
আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।
এ আইনজীবী বলেন, ‘আগামী ১৯ মার্চ তারিখ পরবর্তী তারিখ রেখেছেন আদালত। এ সময়ের মধ্যে সরকারের সংশ্লিষ্টদের তালিকা দিতে হবে।’
জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের প্রাকৃতিক, কৃষিজাত-খাদ্যপণ্য ও বিভিন্ন হস্তশিল্পের জিআই নিবন্ধনে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।
শিল্প সচিব, বাণিজ্য সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, কৃষি সচিব, সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সম্প্রতি ভারতে টাঙ্গাইল শাড়ির পর সুন্দরবনের মধুকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার পর বাংলাদেশের বিভিন্ন পণ্যের জিআই নিবন্ধনে সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
দেশের বিভিন্ন অঞ্চলের প্রসিদ্ধ পণ্যের জিআই স্বীকৃতি দিতে ২০১৩ সালে ‘ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন’ করার পর সরকার ২০১৫ সালে এ আইনের বিধি করে। শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) দেশীয় পণ্যের জিআই স্বীকৃতি দিয়ে থাকে।
রিটে বলা হয়েছে, আইন-বিধি হওয়ার পর ২০১৬ সালের নভেম্বরে বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে জামদানি শাড়ি স্বীকৃতি পায়। সম্প্রতি টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃত সাগর কলা, গোপালগঞ্জের রসগোল্লা, রংপুরের হাঁড়িভাঙা আম, মৌলভীবাজারের আগর, মৌলভীবাজারের আগর–আতর, মুক্তগাছার মণ্ডা, যশোরের খেজুরের গুড়, রাজশাহীর মিষ্টি পান ও জামালপুরের নকশিকাঁথাকে দেশের জিআই পণ্য হিসেবে অনুমোদন দেয় ডিপিডিটি। সব মিলিয়ে গত ৮ বছরে বাংলাদেশে নিবন্ধিত জিআই পণ্যের সংখ্যা ৩১।