মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :

ট্রাম্প বললেন মোদীর সাথে কথা হয়েছে, ভারত বলল: বুধবার কোনও কথাই হয়নি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও কথা হয়নি — বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। ট্রাম্পের দাবির বিরোধিতা করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমি যতদূর জানি, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে কাল কোনও কথোপকথন হয়নি।”

এর আগে বৃহস্পতিবার সকালে ট্রাম্প দাবি করেন, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার বিষয়ে বুধবার তাঁর সঙ্গে মোদীর কথা হয়েছে এবং মোদী তাঁকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন। ট্রাম্পের এই মন্তব্যের পরই শুরু হয় জল্পনা। তবে বিকেলে সাংবাদিক বৈঠকে সেই দাবি নস্যাৎ করে দিল নয়াদিল্লি।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মোদী ও ট্রাম্পের মধ্যে শেষবার ফোনালাপ হয়েছে ৯ অক্টোবর। সেই সময় গাজা শান্তিচুক্তির সাফল্যের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন মোদী। পাশাপাশি, বাণিজ্যচুক্তি নিয়ে দুই রাষ্ট্রনেতা আলোচনা করেন এবং ভবিষ্যতেও যোগাযোগ রাখার বিষয়ে সম্মত হন।

তবে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে বিদেশ মন্ত্রক সরাসরি কোনও মন্তব্য করেনি। সকালে একটি বিবৃতিতে তারা জানায়, “ভারত যথেষ্ট পরিমাণে তেল ও গ্যাস আমদানি করে এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যেও ভারতের ক্রেতাদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়।” সেই সঙ্গে ভারত জানায়, আমদানির ক্ষেত্রে বৈচিত্র আনতে ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই বিবৃতির মাধ্যমে ভারত পরিষ্কার বার্তা দিতে চেয়েছে যে, তারা জ্বালানি কেনার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। তবে ট্রাম্পের ‘ফোনালাপ’ সংক্রান্ত দাবির কোনও উল্লেখ ওই বিবৃতিতে ছিল না।

বিকেলে মুখপাত্রের মন্তব্যের পর বিষয়টি আরও স্পষ্ট হয়— বুধবার ট্রাম্প ও মোদীর মধ্যে কোনও ফোনালাপ হয়নি। ট্রাম্পের মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি এ দিন অনেকটাই দূর হয় সরকারের এই অবস্থান ঘোষণার পর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD