রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬১টি মামলা দায়ের করা হয়। অভিযানে বিদেশি অস্ত্র, গুলি, হাতবোমা, বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন এবং মতিঝিল বিভাগে ৬১ জন রয়েছেন। এছাড়া তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুর বিভাগে ১৪০ জন, গুলশান বিভাগে ৫৯ জন, উত্তরা বিভাগে ৫৭ জন এবং গোয়েন্দা বিভাগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা ও একটি হাতবোমা উদ্ধার করা হয়।
এ ছাড়া পুলিশের অভিযানে ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় একটি পিকআপ, একটি প্রাইভেটকার ও পাঁচটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
অন্যদিকে, অভিযান থেকে ১৩টি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার টাকা, ইয়াবা সেবনের পাইপ, ফয়েল পেপারসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।