বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

তফসিল স্থগিতের নির্দেশনা চাওয়া রিটে ১০ ডিসেম্বর আদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদনে শুনানি শেষ হয়েছে। আগামী ১০ ডিসেম্বর আদেশের জন্য তারিখ রাখা হয়েছে। আজ সোমবার রিটে শুনানির পর এ আদেশ দেন বিচারপতি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ।

রিটের পক্ষে আবেদনকারী আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ নিজেই শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তাঁকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় কালের কণ্ঠকে বলেন, “শুনানির পর আদালত ১০ ডিসেম্বর আদেশের জন্য রেখেছেন।

ওই দিন রাষ্ট্রপক্ষ চাইলে শুনানি করতে পারবে। আর রিটকারী আইনজীবীকে বলা হয়েছে, তফসিল স্থগিতের পক্ষে আর কোনো যুক্তি থাকলে তা লিখিত আকারে দাখিল করতে।”
২৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছাতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট আবেদন করার কথা বলেন নোটিশদাতা। কিন্তু সংশ্লিষ্টদের কাছ থেকে সাড়া না পেয়ে পরদিন হাইকোর্টে এ রিট করেন এ আইনজীবী।
রিটে গত ১৫ নভেম্বর ঘোষিত তফসিলের বৈধতা প্রশ্নে রুল চাওয়া হয়। প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করলে সে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী তফসিল ঘোষণায় নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। একই সঙ্গে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের নির্দেশনাও চাওয়া হয়।

আইন মন্ত্রণালয়ের দুই সচিব, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, সংসদ সচিব এবং প্রধান নির্বাচন কমিশনার-সিইসিকে রিটে বিবাদী করা হয়েছে।
আগামী ৭ জানুয়ারি ভোটের দিন রেখে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের কাজ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD