রাজধানীর দক্ষিণখানে মোসাব্বির হোসেন সিফাতকে (৩৬) হত্যার ঘটনায় করা মামলায় তিনজনকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। আসামীরা হলেন-মো রাজিব (২৩), মো আশিক (২৩) ও মো. শেখ নিজাম (২২)।
শনিবার (১৪ অক্টোবর) আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো মামুনুর রশিদ তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ভিকটিম সিফাতের বন্ধু মো. জাবেদ মৃধা রাজিবকে কিছুদিন পূর্বে ৫ হাজার টাকা ধার দেয়। নোমান ধারের ৩ হাজার টাকা ফেরত দিলেও দীর্ঘদিন ধরে অবশিষ্ট দুই হাজার টাকা ফেরত না দেওয়ার উভয়ের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। পরে গত ১২ অক্টোবর সন্ধ্যায় সিফাতের বন্ধু জাবেদ মৃধা নোমানকে দেখতে পেয়ে তার পাওনা দুই হাজার টাকা ফেরত চাইলে রাজিব সেই টাকা দিতে অস্বীকৃতি জানায়।
তখন উভয়ের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে নোমান আসামি দীর্ঘদিনের শত্রুতার জের ধরে উক্ত জাবেদ মৃধাকে ধাক্কা মারে এবং বলে ‘দাঁড়া তোকে দেখে নিচ্ছি’। এ বলে নোমান অন্যান্য আসামিদের মোবাইলফোনে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসতে বলে।
কিছুক্ষণ পর সিফাত অফিস শেষে ঘটনাস্থল অর্থাৎ বটতলায় পৌছা মাত্রই দেখতে পায় তার বন্ধু জাবেদ মৃধাকে উপরোক্ত আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা মারপিট করছে। তখন সিফাত এর প্রতিবাদ করা মাত্রই নোমনসহ অজ্ঞাতনামা আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে সিফাতকে দেশীয় অস্ত্র চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত এলোপাথারী মারপিট করে রক্তাক্ত জখম করে।
ঘটনার কিছুক্ষণ পরে সিফাতের মামা মো. রশিদুল ইসলাম ও পথচারীরা তাকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মুসাব্বির হোসেন চৌধুরী সিফাতের মা নাসরিন বেগম দক্ষিণ খান থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।