মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

দুই কৃষকের মৃত্যু, গভীর নলকূপ অপারেটর গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

রাজশাহীর গোদাগাড়ীতে দুই আদিবাসী কৃষককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশ গভীর নলকূপের অপারেটর শাখাওয়াত হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে।

শনিবার (২ এপ্রিল) রাতে উপজেলার কদমশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাখাওয়াত উপজেলার ঈশ্বরীপুর এলাকার মৃত হারুনর রশিদের ছেলে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কদমশহর এলাকা থেকে শাখাওয়াতকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় প্রাথমিক জিঙ্গাসাবাদ করা হয়েছে। পুলিশ সুপারের (এসপি) কার্যালয়েও তাকে জিঙ্গাসাবাদ করা হবে।

রাজশাহীর এসপি এবিএম মাসুদ হোসেন জানান, শাখাওয়াতকে গ্রেপ্তারের জন্য পুলিশের কয়েকটি টিম কাজ করছিল। কিন্তু তিনি কোনো ধরনের ডিভাইস ব্যবহার করছিলেন না। এ কারণে তাকে গ্রেপ্তারে একটু বেশি সময় লাগলো।

তিনি আরো জানান, দুই কৃষকের আত্মহত্যার প্ররোচনায় দুটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় শাখিাওয়াতকে জিঙ্গাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে।

প্রসঙ্গত, গত ২৩ মার্চ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের দুই আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি তাদের ধানক্ষেতে পানি না পেয়ে কীটনাশক পানে আত্মহত্যা করেন। এ ঘটনার পর তোলপাড় শুরু হলে নলকূপ অপারেটর শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার দুটি মামলা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD