শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

দেশব্যাপী পরিকল্পিত রাস্তা নির্মাণে মাস্টারপ্ল্যান হচ্ছে: অর্থমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

দেশব্যাপী যত্রতত্র রাস্তা নির্মাণ রোধে পরিকল্পিত উপায়ে রাস্তা নির্মাণে মাস্টারপ্ল্যান করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) অনলাইনে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রকল্পের অস্বাভাবিক ব্যয় বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রকল্পে অস্বাভাবিক ব্যয় হয় এটা আপনি কোথায় পেয়েছেন। গতকাল একনেক সভায় প্রধানমন্ত্রী অন্য একটা বিষয়ে অবজারভেশন রেখে বলেছেন, আপনারা রাস্তাঘাট তৈরিতে বেশি আগ্রহী। কিন্তু রাস্তাগুলোর কোয়ালিটি মেইনটেন করতে হবে। তিনি মেইনটেনের দিকে নজর দিতে বলেছেন। তিনি বলেছেন, নতুন রাস্তা করে আপনারা দেশের ফসলি জমি নষ্ট করে দিচ্ছেন।’

অর্থমন্ত্রী বলেন, ‘হয়ত তিন কিলোমিটার সেভ করতে গিয়ে পুরো রাস্তা ফসলি জমি দিয়ে যাচ্ছে। তাই আজকে আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যটাকে আরও জোরদার বা অর্থবহ করার জন্য সারাদেশে একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। বর্তমানে দেশে কি পরিমাণ রাস্তা আছে, আর আগামী ১০, ২০ বা ৫০ বছরে কত রাস্তা করতে হবে এ মাস্টারপ্ল্যানে সেগুলো থাকবে। এ মাস্টারপ্ল্যান করার জন্য আজকে কমিটির বৈঠক থেকে ঘোষণা দেয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম বলেন, ‘মাস্টারপ্ল্যান করার জন্য একটি কমিটি করতে বলা হয়েছে। আমরা দেখি কিভাবে কি করা যায়। মন্ত্রীপরিষদ বিভাগ পুরো সরকারের এ্যাক্টিভিটিজগুলো সমন্বয় করে। তাই এটার দায়িত্ব আমাদের উপর পড়েছে।’

এদিকে দেশে খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংক অকার্যকর হয়ে গেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ বিষয়ে অর্থমন্ত্রী প্রতিক্রিয়া জানতে চাইলে মুস্তফা কামাল কোনো কথা বলেননি।

উল্লেখ্য, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অতিরিক্ত রাস্তা নির্মাণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জমি সুরক্ষা করতে হবে। বেশি রাস্তা নির্মাণ করলে পানি চলাচলও বাধাগ্রস্ত হয়। বাড়ির পাশ দিয়ে রাস্তা নিতে প্রয়োজনের অতিরিক্ত রাস্তা নির্মাণ করা যাবে না। এই ধরনের মানসিকতার বাইরে আসতে হবে।

একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। পরিকল্পনা মন্ত্রী জানান, যাদের অল্প জমি রয়েছে এবং সেই জমিতে বাড়িঘর করে থাকছে, সেসব জমি অধিগ্রহণ করা থেকে যতটা সম্ভব বিরত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD