শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

দেশের অন্যতম মেগা প্রকল্প মেট্রো রেল পরীক্ষামূলক চালু জুলাইয়ে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

হাসান সোহেল : দেশের মেগা প্রকল্পের ভেতর অন্যতম মেট্রো রেল জুলাইয়ে পরীক্ষামূলক চালু হচ্ছে। রেল ট্র্যাক বসানোর কাজ চলছে ঢাকায়, জাপানে তৈরি হয়ে জাহাজে ওঠার অপেক্ষায় আছে রেল কোচ। এরই মধ্যে জাপানে পরীক্ষামূলক চালানো হয়েছে কোচগুলো। রেল কোচের প্রথম চালানে পাঁচটি কোচ আগামী ২৩ এপ্রিল জাপানের কোবে বন্দর থেকে ঢাকার উদ্দেশে জাহাজে উঠবে। মোংলা বন্দর থেকে আনা হবে দিয়াবাড়ী ডিপোতে। জুলাই মাসের প্রথম থেকেই ঢাকায় রেল কোচগুলো পরীক্ষামূলকভাবে চালানো শুরু করা হবে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মেট্রো রেলের প্রথম পর্যায় চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টার্গেট ১৬ই ডিসেম্বর বিজয় দিবসেই ঢাকায় মেট্রো রেলের উদ্বোধন করা হবে।
যদিও মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে, পুরো লাইনের কাজ দ্রুতগতিতে চলছে, তার পরও দেখা যাচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে চালু করার জন্য দিয়াবাড়ী থেকে আগারগাঁও অংশের প্রতি বেশি জোর দেওয়া হয়েছে। দিয়াবাড়ী থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত প্রকল্প এলাকার সার্বিক অগ্রগতি ৫৭ শতাংশ হলেও আগারগাঁও পর্যন্ত এলাকার কাজের অগ্রগতি ৮০ শতাংশেরও ওপরে। প্রথম দফায় উত্তরা নর্থ তথা দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত ১০.৮০ কিলোমিটার চলবে মেট্রো রেল। পরে ধাপে ধাপে চলবে কমলাপুর স্টেশন পর্যন্ত। রাজধানী শহর ঘিরে উড়াল ও পাতাল রেল মিলিয়ে ছয়টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত এমআরটি-৬ প্রকল্পের কাজটি প্রথম হাতে নেওয়া হয়েছে।
মিরপুর ডিওএইচএস স্টেশনের ওপরে উঠে উত্তরে তাকালেই দেখা যায় বিশাল এক কর্মযজ্ঞ, কাজ চলছে দিনে-রাতে। চোখ ধাঁধানো আয়োজন। প্রাথমিকভাবে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত চালানোর পরিকল্পনা থাকলেও শহরবাসী যাতে দেখতে পায় সে জন্য পরীক্ষামূলক চলাচলের আওতা মিরপুরের শেওড়াপাড়া পর্যন্ত করার চিন্তা চলছে।
যাতে পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চালানো সম্ভব হয় সে জন্য উত্তরা এলাকার তিনটি স্টেশনের নির্মাণকাজ প্রায় সম্পন্ন করা হয়েছে, বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ চলছে এবং রেল ট্র্যাক বসানোর কাজ শেষ করা হয়েছে। এই তিনটি স্টেশন হচ্ছে—উত্তরা, উত্তরা সেন্ট্রাল ও উত্তরা দক্ষিণ। তবে পরীক্ষামূলক চলাচল মিরপুর পর্যন্ত বাড়ানোর জন্যও দ্রুত কাজ চলছে। মিরপুরের শেওড়াপাড়া পর্যন্ত রেল ট্র্যাক বসানোর কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। শেওড়াপাড়া পর্যন্ত স্টেশনের ছাদও নির্মিত হয়েছে।
উত্তরা নর্থ অর্থাৎ দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত রেল ট্র্যাক, স্টেশন ও ভায়াডাক্ট নির্মাণের সার্বিক অগ্রগতি ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে।
ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজও শেষের দিকে।  টঙ্গী সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হবে দিয়াবাড়ী রিসিভিং সাবস্টেশনে, সে জন্য এরই মধ্যে ডেসকোর উত্তরা সাবস্টেশন থেকে ১৩২ কেভি আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইনের কাজ শেষ হয়েছে। এখানে বিদ্যুৎ রিসিভিংয়ের টেস্টিং ও শেষ হয়েছে।
বাংলাদেশ সরকারের পুরোপুরি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড এর সব কিছু নিয়ন্ত্রণ করছে। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এমআরটি-৬ প্রকল্পের কাজ এগিয়ে নিতে হয়েছে। প্রকল্প এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। এদিকে জাপানে কোচ নির্মাণের পর সেগুলো সরেজমিন পরিদর্শনের জন্য বাংলাদেশ থেকে একটি টিম যাওয়ার কথা ছিল, করোনার কারণে তা সম্ভব হয়নি। সে জন্য মেট্রো রেল কর্তৃপক্ষের নিয়োগ দেওয়া আন্তর্জাতিক মানের জাপানি ইন্সপেকশন কম্পানি জেআইপি রেল কোচগুলো পরীক্ষা করেছে। করোনার কারণে কিছুটা মন্থরতা এসেছিল আর সব প্রজেক্টের মতোই এটাতেও। জুলাই মাসের শুরুতে পরীক্ষামূলক চালানো শুরু হবে। ছয় মাস পরীক্ষামূলক চালানোর কথা থাকলেও তা হচ্ছেনা।
এরই মধ্যে মেট্রো রেলের ভাড়া নির্ধারণ করার একটি কমিটিও গঠন করা হয়েছে। মেট্রো রেল আইন ২০১৫-এর ১৮(২) ধারায় জনসাধারণের আর্থিক সামর্থ্য ও মেট্রো রেলের পরিচালনা ব্যয় বিবেচনায় রেখে ভাড়া নির্ধারণ করার কথা বলা হয়েছে। সে অনুসারে ভাড়া নির্ধারণের জন্য ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসি) নির্বাহী পরিচালককে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD