এবার নগরবাসীকে ডেঙ্গু থেকে মুক্তি দেয়া হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। এ কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ঢাকাবাসীর জন্য অনলাইনে আবেদনের ভিত্তিতে মশার প্রজননস্থলে কীটনাশক ছিটানোর উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার নগর ভবনে অনলাইনের মাধ্যমে মশার প্রজননস্থলে কীটনাশক ছিটানো সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তাপস একথা বলেন।
কারো বাসা বাড়িতে বা বেজম্যান্টে বা কারো নির্মাণাধীন বাসা বাড়িতে মশার লার্ভা বা লার্ভার বিস্তারক্ষেত্র রয়েছে কিনা, সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না উল্লেখ করে মেয়র বলেন, কিন্তু মানুষের বাসাবাড়িতে বা নির্মাণাধীন বাড়িতে বা মানুষের বাসার ফুলদানি-টব-টায়ারে মশার বিস্তার হয় সেটা আমরা জানি। এ ধরনের সমস্যাগুলো সমাধানের জন্যই আমরা নানা উদ্যোগ গ্রহণ করেছি। আশাকরি, এর মাধ্যমে ঢাকাবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্তি দিতে পারবো। আমরা ঢাকাবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্তি দেবো।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ সময় আরও বলেন, এই সেবা পেতে মানুষের বাসাবাড়িতে মশার লার্ভা কিংবা মশার বিস্তারক্ষেত্র থাকলে সেজন্য আমাদের মোবাইল কোর্ট যে জরিমানা করে, তার চাইতেও অনেক কম মূল্যে বলা যায় নামমাত্র মূল্যে আমরা ঢাকাবাসীকে এ সেবা প্রদান করব।
বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় এখন হতে একজন সেবাগ্রহীতা ডিএসসিসির আওতাধীন এলাকার নিজ বাসা/ভাড়া বাসা/ বাণিজ্যিক ভবন বা অন্যান্য স্থাপনায় জমে থাকা মশার লার্ভা বিনষ্ট করতে মশার প্রজননস্থলে কীটনাশক ছিটানো সেবা নিতে পারবেন। সেবা পেতে সেবাগ্রহীতাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়েব পোর্টাল এর নিদিষ্ট লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। পাঁচটি ক্যাটাগরিতে সেবা গ্রহণ করা যাবে এবং সেবা গ্রহীতাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ সেবা মূল্য হিসেবে প্রদান করতে হবে। আবেদনের পর ৩ কার্যদিবসের মধ্যে এই সেবা প্রদান কার্যক্রম সম্পন্ন করা হবে।
লাইটনিউজ/এসআই