জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুমে অনুষ্ঠিত ৩০তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
করোনা মহামারীর কারণে দীঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি বিভিন্ন শ্রেণির রেজাল্ট প্রকাশসহ নানা সিদ্ধান্ত নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য বিশ্ববিদ্যালয়ের এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় পরীক্ষা পদ্ধতি ছাড়াও যে সকল বিভাগের স্নাতক, স্নাতকোত্তর বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অথচ রেজাল্ট প্রকাশিত হয়নি সেকল বিভাগকে দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশ করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়াও আগামী ১৫ তারিখ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে সরকারি নির্দেশনা শেষ হওয়ার পর সরকারের পরবর্তী নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের যে সকল বিভাগের স্নাতক স্নাতকোত্তর পর্যায়ের শুরু হওয়া পরীক্ষা বাকী আছে সেগুলো নেওয়ার পাশাপাশি অনার্স মাস্টার্স পর্যায়ের শেষবর্ষের সকল পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণের ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের প্রধানদের বলা হয়।
একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্টার কৃষিবিদ হুমায়ুন কবীর জানান, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের। এজন্য আমরা গুচ্ছ পদ্ধতিতে সশরীরে সমমনা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে অথবা বৃহত্তর ময়মনসিংহের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সমন্বয় করে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তাবনা দিয়েছি। পরবর্তীতে ইউজিসির সাথে সমন্বয় করে যে কোনো এক পদ্দতিতে পরীক্ষা নেওয়া হবে। তবে অনলাইনে পরীক্ষা না নেওয়ার ব্যপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচ মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন বন্ধ থাকায় একাডেমিক কার্যক্রমে স্থবিরতা থাকায় অনেক শিক্ষার্থীর মাঝে হতাশা বিরাজ করছে। আমরা আমাদের শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই স্থগিত হওয়া শেষ বর্ষের পরীক্ষাগুলো নেওয়ার পাশাপাশি যে সকল বিভাগের রেজাল্ট প্রকাশ হওয়ার বাকী রয়েছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার জন্য বিভাগীয় প্রধানদের নির্দেশ দিয়েছি।
লাইটনিউজ