শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

নতুন করে মামলা বাড়লেও বাড়েনি বিচারক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০

গত এক দশকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে অধস্তন সব আদালতে মামলার সংখ্যা বাড়লেও বাড়েনি বিচারকের সংখ্যা। এই সময়ে সর্বোচ্চ আদালতে বিচারকের সংখ্যা যা ছিল, তুলনামূলকভাবে তা আরও কমেছে। ২০১০ সালে আপিল বিভাগে ১১ জন বিচারপতি ছিলেন, এখন আছেন মাত্র ছয়জন। হাইকোর্ট বিভাগে বিচারক ছিলেন ১০২ জন, বর্তমানে আছেন ৯৭ জন।

তবে অধস্তন আদালতে (জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত) বিচারকের সংখ্যা বেড়েছে। বর্তমানে আছেন এক হাজার ৮১২ জন। আগে ছিলেন এক হাজার ৬০০ জন বিচারক।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, সারাদেশে বিচারাধীন মোট মামলার সংখ্যা ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮টি। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন আছে ২৩ হাজার ৬১৭টি। হাইকোর্ট বিভাগে রয়েছে চার লাখ ৮৯ হাজার ৬৮টি মামলা। অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩১ লাখ ৭২ হাজার ৪৩টি।

বিশ্লেষণে দেখা যায়, আপিল বিভাগে বিচারকপ্রতি রয়েছে তিন হাজার ৯৩৬টি মামলা এবং হাইকোর্ট বিভাগে বিচারকপ্রতি রয়েছে পাঁচ হাজার ৪১টি মামলা। অধস্তন আদালতে বিচারকপ্রতি এক হাজার ৭৫০টি মামলা আছে। ২০১৪ সালে আইন কমিশন অধস্তন আদালতের জন্য তিন হাজার বিচারক নিয়োগের সুপারিশ করলেও তা আজও বাস্তবায়ন হয়নি।

আইন বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারির মধ্যেও বিভিন্ন ধরনে অপরাধ সংঘটিত হচ্ছে। ফলে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ২৫ মার্চ থেকে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এই সময়ের মধ্যে বিচারাধীন ও পুরোনো মামলা নিষ্পত্তি না হলেও যোগ হয়েছে নতুন নতুন মামলা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD