শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :

পঞ্চগড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯.৫ ডিগ্রি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ১০০ শতাংশ এবং বাতাসের গতি ঘণ্টায় ৮–১০ কিলোমিটার, যা শীতের দাপটকে আরও তীব্রভাবে অনুভূত করিয়েছে।

স্থানীয়রা জানান, দিনের বেলায় সূর্য ওঠার কারণে কিছুটা উষ্ণতা থাকলেও বিকেল গড়ানোর পর থেকেই হঠাৎ ঠান্ডা বাড়তে থাকে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এমন পরিস্থিতি তৈরি হয়, ভারী কাপড় ছাড়া বাড়ির বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ে। ভোর পর্যন্ত কুয়াশা আর ঠান্ডা বাতাস চারপাশকে জমিয়ে রাখে। সাধারণ মানুষ থেকে দিনমজুর সবাই এ সময়টায় শীতের দাপটে সবচেয়ে বেশি ভোগেন।

পঞ্চগড় তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, গত এক সপ্তাহে জেলার তাপমাত্রায় উল্লেখযোগ্য ওঠা-নামা ছিল। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫, বৃহস্পতিবার ৮ দশমিক ৯, বুধবার ১০ দশমিক ৭, মঙ্গলবার ১০ দশমিক ৭, সোমবার ১০ দশমিক ৬, রোববার ১০ দশমিক ৫, শনিবার ১০ দশমিক ৫, শুক্রবার ১২ দশমিক শূন্য, বৃহস্পতিবার ১২ দশমিক ৫, বুধবার ১২ দশমিক ২ এবং মঙ্গলবার ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তালমা এলাকার দিনমজুর সাইদুর আলী বলেন, ‘বাবা, এই শীতটা না রাত থেইকা ভোর পর্যন্ত গা কাঁপায়। হাত-পা জমে আসে। কামে যাইতে গিয়া মাটিজোড়া ধরতে পারি না। দুই-তিন দিন হইল ঠান্ডা আর সয় না, কবে আরেকটু গরম হইবু কে জানে।’

একই এলাকার দিনমজুর আলম বলেন, ‘সূর্য উঠলে একটু গরম পাই, কিন্তু সন্ধ্যা পড়লেই আবার ঠান্ডা নেমে আসে। আমাগো মতো গরিব মানুষই আগে টের পাই। কাম করতে গেলেই বাতাস গায়ে কইটে ধরে।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। চলমান মৃদু শৈত্যপ্রবাহের পাশাপাশি বাতাসে ১০০ শতাংশ আর্দ্রতা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD