যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন বিমানবাহিনীর একটি ঘাঁটিতে চলতি মাসে একসঙ্গে ছয়টি ড্রোনের অনুপ্রবেশ ঠেকিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এ ঘটনার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে বলা হয়, গত ১৩ নভেম্বর যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) লেকেনহিথ ঘাঁটির আকাশে একাধিক ড্রোন দেখা যায়। পরিস্থিতি মোকাবিলায় মার্কিন বাহিনী ড্রোন প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করে। তবে ড্রোনগুলোকে ভূপাতিত বা আটক করার পর সেগুলোর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়নি। ব্রিটিশ কিংবা মার্কিন কোনো সদস্যই সেগুলো উদ্ধার করতে পারেননি।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ১৩ নভেম্বর লেকেনহিথ ঘাঁটিতে অনুমোদনহীন ড্রোন চলাচলের খবর পেয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুলিশ, সাফোক পুলিশ ও মার্কিন বিমানবাহিনীর নিরাপত্তা সদস্যরা যৌথভাবে কাজ করেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং ঘাঁটিতে স্বাভাবিক নিরাপত্তা ও বাহিনী সুরক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনা হয়।
এ ঘটনায় ঘাঁটিতে থাকা মার্কিন বিমানবাহিনীর সদস্যরা সন্দেহজনক ড্রোন তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নেন। সে সময় মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র জানিয়েছিলেন, এতে কোনো সামরিক সদস্য আহত কিংবা অবকাঠামোর ক্ষতি হয়নি।
এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের আরেকটি মার্কিন বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ইরান-সংশ্লিষ্ট হুমকির কারণে সেখান থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল বলে গত মাসে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে ফেয়ারফোর্ডের ঘটনা কিংবা যুক্তরাজ্যে অন্য কোনো অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। ব্রিটিশ কর্তৃপক্ষ অবশ্য কয়েক বছর ধরেই দেশটিতে ভিন্নমতাবলম্বী এবং ইসরায়েলি ও ইহুদি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও হত্যাচেষ্টায় ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ করে আসছে।
সূত্র : রয়টার্স