বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

পরীমনি কাণ্ড: পুলিশের কাছে তারা জানতে চাচ্ছেন, আমরা কি বাড়িতে থাকব?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিসহ গ্রেফতার কথিত মডেলদের সঙ্গে ‘সম্পর্ক’ ফাঁসের হুমকি দিয়ে চাঁদা দাবির ঘটনায় অনেক বিশিষ্টজন ভীত-সন্ত্রস্ত হয়ে বাড়িতে থাকা বন্ধ করে দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মডেলদের সঙ্গে সম্পর্ক ফাঁসের হুমকি দিয়ে সমাজের বিশিষ্টজনদের কাছে ফোন করে চাঁদা দাবি করা হচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, অনেকেই এ ভয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে বাড়িতে থাকা বন্ধ করে দিয়েছেন। পুলিশের কাছে তারা জানতে চাচ্ছেন- আমরা কি বাড়িতে থাকব? আমি বললাম কেন? তারা বলছেন, আমাকে তো ওমুক মিডিয়া থেকে ফোন করে বলেছে পরীমনি নাকি রিমান্ডে আমার নাম বলেছে! অথবা পিয়াসা আমার নাম বলেছে! আমি তাকে বলেছি, ভাই আপনার বিরুদ্ধে অভিযোগটা কী? কোনো মামলা হয়েছে? তখন তিনি বলেন- কখন কে, কী করে তাতো জানি না।

শফিকুল ইসলাম বলেন, একাধিক ব্যক্তি আমাদের কাছে এবং মন্ত্রী মহোদয়ের (স্বরাষ্ট্রমন্ত্রী) কাছে জানিয়েছেন- মডেল ইস্যুতে তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিদের তালিকার কথা বলে তাদের কাছে চাঁদা চাওয়া হচ্ছে। তাদের বলা হচ্ছে, আপনি যদি এই পরিমাণ অর্থ না দেন, তাহলে আমাদের কাছে যে তথ্য আছে- তা দিয়ে নিউজ করে দেব।

ডিএমপি কমিশনার বলেন, এসব নিউজ করে হয়তো তাদের (বিশিষ্টজন) সামাজিকভাবে হেনস্তা করা যাবে কিন্তু আইনগতভাবে তারা কোনো অপরাধ করেছেন বলে আমি মনে করি না।

যাদের ফোন দিয়ে চাঁদা চাওয়া হচ্ছে তারা মামলা করছেন না কেন- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারা সামাজিক মর্যাদার জায়গায় আছেন বলেই মামলা করতে চাচ্ছেন না।

এক প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেন, যদি পরীমনি বলে আমাকে সিনেমার নায়িকা বানানোর কথা বলে ওমুক ব্যক্তি আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, সেটি একটি মামলার বিষয় হতে পারে। সেই ক্ষেত্রে ব্যবসায়ী আসামি হতে পারে অথবা ওই ব্যবসায়ী যদি বলে পরীমনি আমাকে ফাঁদে ফেলে আমার কাছ থেকে দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এমন কোনো অভিযোগ কি পরীমনির পক্ষ থেকে করা হয়েছে? অথবা ব্যবসায়ীর পক্ষ থেকে পুলিশের কাছে এমন অভিযোগ করা হয়েছে? কোনোটিই করা হয়নি। তো পুলিশ কেন তালিকা করবে?

পুলিশের পক্ষ থেকে এমন কোনো তালিকা তৈরি হচ্ছে না বলেও জানান শফিকুল ইসলাম।

সূত্র : যুগান্তর

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD