শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

পাবনায় বিদেশি পিস্তল-ম্যাগজিন-গুলি উদ্ধার, অস্ত্র কারবারি আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

পাবনার আতাইকুলায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন এবং ৬ রাউন্ড গুলিসহ একজন অবৈধ অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে থানাধীন সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয় মাঠের মধ্যে অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. শাহিদুল ইসলাম (৩২)।

তিনি শ্রীকোল গ্রামের মৃত আব্দুল মজিদ ওরফে মনুর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি অস্ত্র কারবারের সঙ্গে জড়িত।
র‌্যাব পাবনা কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান, অর্ডন্যান্স এবং সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কম্পানির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই অবৈধ অস্ত্র ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

গ্রেফতারকৃত অবৈধ অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাহাকে পাবনা জেলার আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD