গাজীপুর মহানগরীর দিঘীরচালা এলাকায় প্রভাতি স্কুলের সামনে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি বারবৈকা দক্ষিণপাড়া এলাকার মোস্তফা ছেলে কবির হোসেন (৩২)।
জানা গেছে, বুধবার (২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে নগরীর ১৬নং ওয়ার্ডের দিঘীরচালা এলাকায় প্রভাতি স্কুলের সামনে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা কবির হোসেনের গলায় ধারোলো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পূর্ব শত্রুতার জেরে তাকে খুন করা হতে পারে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, নিহত কবির হোসেনের ঘাড়ের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।