বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর উপহার পেল কোম্পানীগঞ্জের ৫০ হাজার নিম্ন আয়ের মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪

নোয়াখালীতে দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতিতে বেকার হয়ে যাওয়া ৫০ হাজার অসচ্ছল, গরিব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে দিনব্যাপী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা এসব বিতরণ করেন। এর আগে উপজেলার সকল ইউনিয়নে বিতরণ করা হয়।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সহযোগিতায় দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য এবং অগ্নি সন্ত্রাসের কারণে বেকার হয়ে যাওয়া ৫০ হাজার অসচ্ছল, গরিব, অসহায়দের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন আবদুল কাদের মির্জা। উপহারের প্রতি প্যাকেটে রয়েছে চাল, তেল ও আলু। এসব খাদ্য সামগ্রীতে মুখে হাসি ফুটেছে নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে।

পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল মিয়া বলেন, মেয়র আমাদের খাদ্য সামগ্রী দিয়েছেন। মন থেকে দোয়া করব। আমাদের খুব উপকার হয়েছে। শেখ হাসিনাকে ধন্যবাদ আমাদের খবর রাখার জন্য।

প্রতিবন্ধী জাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মানুষের কাছে হাত পেতে চলতে হয়। আজ উপহারগুলো নিয়ে যাচ্ছি। পরিবার নিয়ে খাব। আল্লাহ পরিবেশ ভালো রাখুক এই দোয়া করি।

মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, আমার ইউনিয়নে আমি প্রধানমন্ত্রীর উপহার তুলে দিয়েছি। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের কারণে নিম্ন আয়ের অসহায় মানুষের পেটে খাবার নেই। খাদ্য সামগ্রীতে তাদের উপকার হচ্ছে। প্রধানমন্ত্রী এমন নির্দেশ বাস্তবায়নে আমাদের সকলের এগিয়ে আসা উচিত।

কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা বলেন, কোটার আন্দোলনের সহিংসতায় বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মানুষের জানমালের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী কারফিউ জারি করেছেন। এতে করে নিম্ন আয়ের মানুষেরা কষ্টে আছেন। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের নেতা ওবায়দুল কাদেরের সহযোগিতায় বসুরহাট পৌরসভার ১০ হাজার বাসিন্দাকে এবং ৮ ইউনিয়নের ৪০ হাজার মানুষকে চাল, তেল ও আলু উপহার দিয়েছে। আগামীতেও এমন মানবিক উপহার অব্যাহত থাকবে।

এসময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, মো. ইউনুস, আবুল খায়ের, কাউন্সিলর মো. রাসেল, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আইনুল মারুফসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD