বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

প্রবাসীদের ২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বেকার হয়ে পড়েছেন লাখ লাখ প্রবাসী। তাদের মধ্যে অনেকে ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন। বাকিদেরও ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। এই প্রবাসীরা যেন কোনো ধরনের সংকটের মধ্যে না পড়েন সেজন্য সরকারের পক্ষ থেকে ২০০ কোটি টাকার একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ আসছে বলে জানা গেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এই টাকাগুলো প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে দেয়া হবে। পাশাপাশি কোন প্রক্রিয়ায় এবং কীভাবে সেগুলো প্রবাসীদের হাতে পৌঁছে দেয়া হবে তা নিয়ে ইতোমধ্যে পরিকল্পনা নেয়া হয়েছে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, সহজ শর্তে এই টাকা থেকে তাদের ঋণ দেয়া হবে। যেন তারা টাকাগুলো দিয়ে দেশে কিছু একটা করতে পারেন। প্রাথমিকভাবে ২-৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে। সুদের হার ২ থেকে ৫ শতাংশের মধ্যে। আর কোনো জামানত ছাড়াই ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

এক্ষেত্রে পুরো বিষয়টি তদারকি করবে প্রবাসী কল্যাণ ব্যাংক। ঋণ দেয়া এবং আদায়ের বিষয়টি নিয়ন্ত্রণ করবে তারাই। এ কাজে স্বচ্ছতার জন্য ঋণ গ্রহীতাকে অবশ্যই বিদেশ থেকে ফেরত আসার প্রমাণ দিতে হবে, যোগ করেন ড. সালেহীন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, যেসব প্রবাসী ইতোমধ্যে দেশে চলে এসেছেন এবং যাদের আনা হবে তাদের সুবিধার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সরকার। তারা যেন দেশে আসার পর অসহায় হয়ে না পড়েন সেজন্য এই সহায়তা দেয়া হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বে এক সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। এমন অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে বিভিন্ন দেশ। বিশেষ করে মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বসবাস করা প্রায় ১ লাখ ৩৫ হাজার বাংলাদেশিকে জরুরি ভিত্তিতে ফেরাতে চাপ বাড়ছে।

সম্প্রতি বিষয়টি নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ। বৈঠকে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশ থেকে বাংলাদেশিদের ফিরিতে আনতে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD