বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে : হাসনাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে : হাসনাত

বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে এবং বিচার বিভাগকে কার্যত আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (২১ মে) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারায় এনসিপির পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সাধারণ মানুষ যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে রাজপথে নেমেছিল, সেই আকাঙ্ক্ষা এখনও জনগণের মনে রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে জনগণের ত্যাগ ও রক্তের বিনিময়ে গঠিত সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে। বিচার বিভাগকে কার্যত আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

একই সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবের আওতায় আনা হচ্ছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে মেধার চেয়ে রাজনৈতিক বিবেচনা বেশি গুরুত্ব পাচ্ছে। যোগ্য ও মেধাবীদের উপেক্ষা করে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে, যা শিক্ষাব্যবস্থার জন্য অশনিসংকেত।

তিনি আরও বলেন, যেকোনো গণআন্দোলনের সূচনা ছোট পরিসর থেকেই হয়। এনসিপিও ছোট পরিসরে যাত্রা শুরু করেছিল। আজ জনগণের সমর্থনে আমরা জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করেছি। আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশাকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করা হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা সবাই এই কুমিল্লার সন্তান। মানুষের অধিকার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়েই এনসিপি মাঠে নেমেছে। কুমিল্লার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা হবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ, কুমিল্লা জেলার তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহ, লালমাই উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কবির হোসাইন রুমন, জাহিদুল ইসলাম ফারাবীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD