শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন ওসিসহ দায়ী পুলিশদের গ্রেফতার চান ক্রিকেটার নাঈমের বাবা পার্লামেন্ট থেকে সচিবালয় সব জায়গায় ‘হুতুমপেঁচা’: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে ২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে চিকিৎসাব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভারতে মু’সলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হ’ত্যা, বা’ধ্য করা হতো ‘জয় শ্রীরাম’ বলতে আ. লীগের ছিল বঙ্গবন্ধু, এ সরকারের কার্ডবন্ধু: রাশেদ প্রধান এবার নদীপথে পুশ ইনের চেষ্টা, বিএসএফকে ফিরিয়ে নিতে বাধ্য করল বিজিবি হামে আরো ৫ শিশুর মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা মিশনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে যে তুমুল উদ্দীপনা, তা এবার বেশ বড়সড় জায়গা করে নিয়েছে খোদ ব্রাজিলের মূলধারার সংবাদমাধ্যমে। হাজার হাজার মাইল দূরের এক দেশের মানুষ কীভাবে সেলেসাওদের রঙে নিজেদের রাঙিয়ে তুলেছে, তা নিয়ে রীতিমতো বিস্ময় ও মুগ্ধতা প্রকাশ করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গি গ্লোবো।

রোববার ভোরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের এই ‘সবুজ-হলুদ’ জ্বর এখন লাতিন আমেরিকার আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে সোশ্যাল মিডিয়া জুড়ে বাংলাদেশের অলিগলি, ছাদ আর রাস্তাঘাট ব্রাজিলের পতাকায় ছেয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। লাতিন আমেরিকার সাংবাদিকেরা অবাক হয়ে দেখছেন, ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে সম্পূর্ণ ভিন্ন এবং ফিফা র‍্যাংকিংয়ে ১৮১তম অবস্থানে থাকা ১৭ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশটিতে নিজেদের ফুটবল সাফল্য না থাকলেও, ফুটবল নিয়ে আবেগ কতটা আকাশচুম্বী।

ব্রাজিলিয়ানদের কাছে এটি অত্যন্ত চমকপ্রদ যে, বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষ নিজেদের লাল-সবুজ পতাকার পাশাপাশি ব্রাজিলের সবুজ-হলুদ (কিংবা আর্জেন্টিনার আকাশী-সাদা) রঙে পুরো দেশকে মুড়িয়ে দেয়।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো এই ভালোবাসার পেছনের ইতিহাসও তাদের পাঠকদের সামনে তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে, গত শতাব্দীর ষাটের দশকে পেলে-গারিঞ্চাদের জাদুকরী ফুটবল যখন বিশ্ব জয় করছিল, তখন থেকেই বাংলাদেশে এই প্রেমের শুরু। পরবর্তীতে আশির দশকে জিকো-সক্রেটিসদের যুগে রঙিন টেলিভিশনের আগমন এই উন্মাদনাকে স্থায়ী রূপ দেয়। বাংলাদেশিদের এই অবিশ্বাস্য ফুটবল আবেগকে ফ্রেমবন্দি করে গ্লোবোপ্লেতে একটি প্রামাণ্যচিত্রও মুক্তি পেয়েছে, যার নাম ‘ঢাকা ভাইব্রা – ফুটবল অ্যাডভেঞ্চারস ইন বাংলাদেশ।’

এই প্রামাণ্যচিত্রের পরিচালক ও অস্কার মনোনীত চলচ্চিত্রের সাথে যুক্ত রাফায়েল বারগামাস্কি বাংলাদেশের মাটিতে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমকে বলেন, ‘একজন ব্রাজিলিয়ান হিসেবে ঢাকায় গিয়ে আমি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। বাংলাদেশিরা যেভাবে আমাদের ফুটবল সংস্কৃতি, আমাদের খেলোয়াড় আর আর্জেন্টিনার সাথে আমাদের ঐতিহ্যবাহী চিরবৈরিতাকে পুরোপুরি নিজেদের করে নিয়েছে, তা সত্যিই অসাধারণ।’

রাজধানী ঢাকার দেয়ালে দেয়ালে পেলে, রোনালদো ও নেইমারদের বিশাল সব দেয়ালচিত্রের কথাও বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করছে তাদের সংবাদমাধ্যম।

তবে এই উন্মাদনার একটি উদ্বেগের দিকও ব্রাজিলিয়ানদের নজরে এসেছে। অতি-উত্তেজনার জেরে সম্প্রতি বাংলাদেশের হবিগঞ্জে দুই দলের সমর্থকদের প্রীতি ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হওয়ার ঘটনাটি তারা বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। অবশ্য এই বিচ্ছিন্ন সহিংসতা ছাপিয়ে ব্রাজিলিয়ান গণমাধ্যমের মূল ফোকাস বাংলাদেশের ফুটবলপ্রেমীদের নিঃশর্ত ভালোবাসার দিকেই। ভোরে যখন মাঠের লড়াইয়ে নামবেন ভিনিসিয়ুস-রাফিনিয়ারা, তখন হাজার মাইল দূরের ঢাকাও যে তাদের সঙ্গে সমস্বরে চিৎকার করবে, লাতিন আমেরিকার এই ফুটবল পরাশক্তি এখন তা বেশ ভালো করেই জানে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD