শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বিএনপির এখন রাজনৈতিক কৌশল নেই: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এখন কোনো রাজনৈতিক কৌশল নেই। তাই তারা সরকারের বিষোদাগার করতে গিয়ে হতাশ হয়ে আবোল-তাবোল বলে যাচ্ছে।

তিনি বলেন, সরকার নয়, জিয়ার লাশ নিয়ে ইতিহাসের অমোঘ সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বিএনপিই আবোল-তাবোল বকছে।

শনিবার( ৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে সম-সাময়িক বিষয় নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

‘সরকার দেউলিয়া হয়ে জিয়ার লাশ নিয়ে আবোল তাবোল বকছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি আরও বলেন, জিয়ার লাশ নিয়ে বিএনপি মহাসচিবকে সুনির্দিষ্ট প্রশ্ন করলেও জবাব পাওয়া যায় না। তিনি এ প্রসঙ্গ বারবার এড়িয়ে সামঞ্জস্যহীন জবাব দেন এবং স্বভাবসুলভ আবোল তাবোল বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ও আন্দোলনে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন হতাশার গভীর সাগরে নিমজ্জিত। ক্ষমতানির্ভর দল বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় হতাশ হতে হতে এখন আর স্বাভাবিক রাজনীতি করতে পারছে না।

‘সরকার দুর্নীতির কারণে অধিকসংখ্যক মানুষকে করোনার টিকা দিতে ব্যর্থ’- বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা তাদের চিরাচরিত কাল্পনিক অভিযোগ। ঢালাওভাবে অভিযোগ না করে সুনির্দিষ্টভাবে তথ্যপ্রমাণ দিন, কোথায় দুর্নীতি হচ্ছে বা হয়েছে?

তিনি বলেন, করোনার টিকা নিয়ে বিএনপি একেক সময় একেক রকম কথা বলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। অথচ বিএনপির অনেকেই করোনার টিকার শুধু প্রথম ডোজ নয়, দ্বিতীয় ডোজও নিয়েছেন। দেশের জনগণ এখন টিকা পেতে শুরু করেছে এবং পর্যায়ক্রমে সবাই পাবে- এটা দেখেই বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। আসলে তাদের নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি ভালো কিছু চোখে দেখে না।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির কোন পর্যায়ের কাউন্সিল কিংবা সম্মেলন সময়মত হয়েছে? তাদের জাতীয় সম্মেলনও সময়মত হয়নি, যা অনেক আগেই পেরিয়ে গেছে। বিএনপি নেতাদের বলবো, অন্য দলের দিকে না দেখে আগে নিজ দলের কথা ভাবুন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD