শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

বিএনপি মহাসচিব কোন মুখে উগ্রবাদীদের বিরোধিতা করবেন: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

বিএনপি প্রকাশ্যে কিংবা গোপনে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতাকে সমর্থন দিচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা ভেতরে ভেতরে উসকে দিচ্ছে, আবার পৃষ্ঠপোষকতাও করছে। সুতরাং বিএনপি মহাসচিব কোন মুখে উগ্রবাদীদের বিরোধিতা করবেন?

তিনি বুধবার সকালে তার সরকারি বাসভবন থেকে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা আগেও করেছে এখনও করছে।

তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, ধর্মীয় উগ্রবাদ ফ্রাংকেনস্টাইনের দানবের মতো; সুতরাং এখন যাদের পৃষ্ঠপোষকতা করছেন, একদিন তাদের আঘাতে আপনাদের জর্জরিত হতে হবে।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হোক তা মনে মনে বিএনপিও চায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক কারণেই তাদের কোনো আগ্রহ নেই। কারণ বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে তাদের যোগসাজশে খুনিদের পুরস্কৃত করা হয়েছিল।

সেতুমন্ত্রী বলেন, দেশের রাজনীতি এখন দুই ধারায় বিভক্ত– একদিকে উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি, অন্যদিকে দেশের অব্যাহত এগিয়ে যাওয়ার গতিকে রুদ্ধ করার রাজনীতি। একদিকে ‘৭১-এর অসাম্প্রদায়িক চেতনা, অপরটি ‘৪৭-এর সাম্প্রদায়িক চেতনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও হুশিয়ার করে বলেন, লাখো শহীদের অমর বীরত্ব গাঁথায় নির্মিত এ দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD