বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এর প্রভাবে বুধবার বিশ্ববাজারে তেলের দাম সামান্য বেড়েছে। পাশাপাশি ইউরোপের প্রধান প্রধান শেয়ারবাজারে দরপতন ঘটেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার দিনের শুরুতে এশীয় শেয়ারবাজারে লেনদেনের মিশ্র চিত্র দেখা গেছে। বিনিয়োগকারীরা ইরান-যুক্তরাষ্ট্র পরিস্থিতির বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়ার অপেক্ষা করছেন।

তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি কর্তৃপক্ষের মাঝে এমন এক যুদ্ধের সমাপ্তি চান; যার ফলে তেল ও গ্যাসের দাম আকাশচুম্বী হয়েছে।

ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুজানা স্ট্রিটার বলেন, জ্বালানি সংকটের কারণে বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব পড়ছে, সেই উদ্বেগ কাটেনি। ফলে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি বিনিয়োগকারীদের খুব একটা আশ্বস্ত করতে পারেনি।

তিনি বলেন, মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ বর্তমানে চরম অনিশ্চয়তার মুখে রয়েছে এবং সংঘাতের স্থায়ী সমাধানও এখন অধরা। ব্রেন্ট ক্রুড তেলের দামেও এর প্রতিফলন দেখা যাচ্ছে।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট নর্থ সি তেলের দাম আবারও ব্যারেল প্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ৯০ ডলারের ওপরে অবস্থান করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD