স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রেন্টুর মৃত্যুর কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আধাবেলা আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তিনি ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যুবরণ করেন।
আজ মঙ্গলবার (২৯ মার্চ) সকাল থেকেই দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।
তিনি বলেন, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রেন্টু গত তিন দিন আগে স্ট্রোক করে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি হোন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার বিকেলে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক জানিয়ে স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো আধাবেলা আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে সকাল থেকে আমদানি-রপ্তানিসহ বন্দরের পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে। আজ দুপুরে পর আবারো আমদানি রপ্তানি স্বাভাবিক হবে বলে জানান তিনি।