রাজধানীতে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা বন্ধে পুলিশ ও দুই সিটি করপোরেশনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার (২২ জুন) নিজের সরকারি বাসভবন থেকে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ’র বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ডিটিসিএ কে ঢাকার দুই মেয়রকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। ঢাকা মহানগরীতে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা বন্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও দুই সিটি করপোরেশনকে কঠোর হতে হবে।
ডিটিসিএ’র বোর্ড সভায় এ সময় ভার্চুয়ালি যুক্ত হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভি, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাগুফতা ইয়াসমিন এমিলি, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ডিএমপি কমিশনার।