দেশজুড়ে ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী হচ্ছে বিএনপি। দেশে মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করা হলেও বিএনপি প্রকাশ্যে কোন কথা বলার সাহস দেখাতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বর্তমানে দেশের নয়; বিএনপির রাজনীতিতেই ভয়াবহ দুর্দিন চলছে। তথাকথিত একদলীয় শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হওয়ার যে ডাক তারা দিচ্ছেন; প্রকৃতপক্ষে তা উন্নয়ন ও স্বাধীনতা বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা।
শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিদ্রোহীদের মনোনয়ন দিলে তারা প্রশ্রয় পেয়ে যাবে। দলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে, তাই এ বিষয়ে আওয়ামী লীগ অনেক কঠোর। তিনি বলেন, দল করতে হলে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে।
এ সময় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামানিক, শহীদুজ্জামান সরকার, আনোয়ার হোসেন হেলালসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
লাইটনিউজ