বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

ভিসানীতিতে আনন্দিত বিএনপি ষড়যন্ত্রের জালে নিজেরাই আটকে গেছে: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

মার্কিন ভিসানীতি নিয়ে আনন্দে উদ্বেলিত বিএনপি নিজেদের ষড়যন্ত্রের জালে নিজেরাই আটকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মার্কিন ভিসানীতি প্রকাশের পর বিএনপি অতিশয় আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিল। সরকার এবং দেশের জনগণের মর্যাদাকে ভূলুণ্ঠিত করে নিজেদের অপরাজনৈতিক অভিলাষ বাস্তবায়নের উন্মাদনায় মেতে উঠেছিল। বিএনপি নেতারা এতদিন ভিসানীতি নিয়ে রাজনীতির মাঠ গরম করেছে। আর এখন বলছে ‘কোন দেশের ভিসানীতিতে কী আছে, না আছে, দেখতে চাই না।’ আসলে বিএনপির সৃষ্ট ষড়যন্ত্রের জালে তারা নিজেরাই আটকে গেছে। বিএনপির সন্ত্রাস ও সহিংস রাজনীতির অপতৎপরতা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়ায় তারা এখন উল্টো সুরে কথা বলতে শুরু করেছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যেনতেনভাবে ক্ষমতা দখলের জন্যই বিএনপির তথাকথিত আন্দোলন। এতে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। আন্দোলনের নামে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।

তিনি বলেন, বিএনপির আন্দোলন মানে জাতীয় সম্পদ নষ্ট ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যা করা। যারা জনগণকে শত্রু জ্ঞান করে তারা কখনো জনগণের আস্থা পায় না। বিদেশি প্রভুদের উপর ভর করে তারা যে আন্দোলন করছে তাতে জনগণের মুক্তি তো মিলবেই না, বরং দেশকে দুর্বল করবে। বিদেশিদের আপন করতে গিয়ে দেশের জনগণকে প্রতিপক্ষ বানিয়েছে বিএনপি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD