শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

‘ভোঁতা অস্ত্র কাজে লাগানোর অপচেষ্টা করছে বিএনপি’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

বিএনপি তথাকথিত আন্দোলনে বিন্দুমাত্র সাড়া না পেয়ে অতীতের মতো সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ভোঁতা অস্ত্র কাজে লাগানোর অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির ঐক্যবদ্ধতায় শেখ হাসিনা সরকার এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী বর্ণচোরা অপশক্তিকে আর কখনও মাথা তুলতে দেবে না।

ওবায়দুল কাদের শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন। তিনি বলেন, এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করে, তারা বিএনপির সহযোগী।

সেতুমন্ত্রী বলেন, সুনামগঞ্জের শাল্লায় হিন্দু পরিবারের ঘরবাড়ি ভাঙচুরে সাম্প্রদায়িক অপশক্তি ও তার দোসরদের যোগসাজশ রয়েছে বলে জনগণ মনে করেন।

শেখ হাসিনা সরকার সব ধর্মের অনুসারীদের সহাবস্থান এবং নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটি অশুভ মহল বরাবরের মতো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছে।

তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে ব্যর্থতা ঢাকতে নানান অপকৌশল আর ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা সরকার ইতোমধ্যে সুনামগঞ্জের ঘটনায় তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা অপরাধকে অপরাধ হিসেবেই দেখে। অতীতের ধারাবাহিকতায় এ ঘটনায় যুক্তদেরও শাস্তি পেতে হবে।

সাম্প্রদায়িক অপশক্তিকে তোষণ আর পোষণ করাই বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেন মন্ত্রী। বিভিন্ন পরাশ্রয়ী আন্দোলনে ভর করে সরকার পতন ঘটানোর অলিক স্বপ্ন ভেস্তে গেছে বিএনপির উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এর আগেও তারা ধর্মীয় অনুভূতিতে উসকানি দিয়ে ভাস্কর্যবিরোধী আন্দোলনও হালে পানি পায়নি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD