বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

ভ্যাকসিন বিক্রির সময় হাতেনাতে আটক ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

প্রকাশ্যে ৩০০ থেকে ৫০০ টাকার বিনিময়ে করোনা ভাইরাসের টিকা দেওয়ার অভিযোগে জাহাঙ্গীর আলম (২৭) ও মোসা. পারভীন (২৫) নামে দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর উপজেলার রঙিলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খন্দকার ইমাম হোসেন।

আটককৃত জাহাঙ্গীর শ্রীপুরের মুলাইদ গ্রামের নুর ইসলামের ছেলে। পারভীন পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ গ্রামের আব্দুর রহমানের মেয়ে।

ওসি জানান, তারা সেখানে প্রায় ২০০ জনকে টিকা দিয়েছেন। এ সময় তাদের কাছ থেকে করোনাভাইরাসের জন্য দেওয়া সিনোফার্মের টিকার ৭টি ভায়াল, নগদ টাকা ও ৪৭টি সিরিজ উদ্ধার হয়েছে। আটক ওই দুজন প্রশিক্ষণপ্রাপ্ত বা হাসপাতাল সংশ্লিষ্ট কেউ নন বলেও জানান তিনি।

ওসি আরো জানান, খবর পেয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, গণটিকা কার্যক্রমে প্রচুর ভিড় থাকায় অনেকেই ওই ব্যক্তিদের কাছ থেকে টিকা নিয়েছেন। বিকেল পর্যন্ত আরো ৫০ জনের কাছ থেকে অগ্রিম ২০০ থেকে ৫০০ টাকা নিয়েছিলেন তারা।

জনতার হাতে আটক থাকা অবস্থায় জাহাঙ্গীর আলম বলেন, তিনি শ্রীপুরের ধামলই এলাকার একটি টিকা কেন্দ্র থেকে এগুলো এনেছেন। কিন্তু কার কাছ থেকে টিকাগুলো সংগ্রহ করেছেন তা তিনি বলেননি।

এদিকে ভ্যাকসিন বিক্রির সময় আটককৃত দুজনকে চিনেন না জানিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস বলেন, হাসপাতালে পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। তবে ওই স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতাল থেকে ভ্যাকসিন চুরি হয়েছে কিনা সেটিও নিশ্চিত করতে পারেননি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD