মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :

মন্ত্রীদের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদেরও সরানো হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শুধু রাষ্ট্রদূতদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সরানো হচ্ছে না, পর্যায়ক্রমে মন্ত্রীদের ক্ষেত্রেও সরানো হবে। পুলিশের বদলে আনসার বাহিনী থেকে তৈরি করা গার্ড রেজিমেন্ট তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে।

সোমবার (১৫ মে) রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, এতদিন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং ভারতের রাষ্ট্রদূতকে বাড়তি প্রটেকশন দেওয়া হতো। গাড়ির আগে এবং পেছনে পুলিশ থাকতো। আমরা চিন্তা করেছি, পুলিশের বদলে আনসার বাহিনী থেকে তৈরি করা গার্ড রেজিমেন্ট প্রটেকশনের দায়িত্বে থাকবে। আর কোনও দেশের রাষ্ট্রদূত যদি এই সুবিধা চান আমরা তাদেরকেও দেবো। আমাদের সেই সিদ্ধান্তটাই হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের বহু কাজে পুলিশ সদস্যের প্রয়োজন। পুলিশের সংখ্যা আপাতত বাড়ানো সম্ভব হচ্ছে না, আবার অন্যদিকে সামনে নির্বাচন। সবকিছু চিন্তা-ভাবনা করে ওই নিরাপত্তা থেকে পুলিশ সদস্যদের সরিয়ে নিয়েছি।

তিনি আরও বলেন, শুধু রাষ্ট্রদূতদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সরানো হচ্ছে না, পর্যায়ক্রমে মন্ত্রীদের নিরাপত্তার জন্য থাকা পুলিশ সদস্যদেরও সরানো হবে।

‘আনসার ব্যাটালিয়নের গার্ড রেজিমেন্ট যেটা তৈরি হয়েছে তারা অনেকটা দক্ষ। অত্যন্ত পারদর্শী করে তাদেরকে তৈরি করা হয়েছে এ ধরনের নিরাপত্তার জন্য। আস্তে আস্তে তাদেরকে কেপিআইভুক্ত স্থাপনাগুলোর নিরাপত্তার দায়িত্বও দেওয়া হবে।’

কারও সাথে বৈরী সম্পর্ক নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুব শক্তিশালী এবং আধুনিক সাজে সজ্জিত একটি প্রটেকশন গার্ড রেজিমেন্ট আমরা করেছি। প্রধানমন্ত্রী দিকনির্দেশনায় এটি আনসার ব্যাটালিয়ন থেকে তৈরি হয়েছে।

তিনি বলেন, যত ভিআইপি প্রটোকল বা প্রটেকশন যাই বলা হোক না কেন—এমনকি মন্ত্রী-মিনিস্টারদের বাসাবাড়ির নিরাপত্তার বিষয়গুলো তাদের উপর দেওয়া হবে। এজন্য একটি রেজিমেন্ট তৈরি করেছি, এর সংখ্যাও বাড়াতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD